নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত অন্তত ৪৬, নিখোঁজ ১৫

ছবি: রয়টার্স
নাইজেরিয়ার সোকোটো রাজ্যে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও ১৫ জন। খবর বিবিসির।
বৃহস্পতিবার রাজ্যের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশিরভাগই শিশু এবং ধান কাটার কাজে যাওয়ার জন্য তারা নৌকায় উঠেছিলেন।
সোকোতো পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানিয়েছেন, নৌকাডুবির পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।
তিনি জানিয়েছেন, ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে ধান কাটার কাজে যাওয়া কৃষক ও শ্রমিকরা ছিলেন। দুর্ঘটনার পর একটি স্থানীয় মসজিদের সামনে অন্তত ৫০টি মরদেহ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে প্রয়োগ না করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।






