পাক মুখ্যমন্ত্রী
জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস নয়

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি
জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী। খবর আল জাজিরার।
পাক-আফগান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন সোহেল আফ্রিদি।
‘পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য; আমরা কাউকে সীমান্ত এলাকার নিরাপত্তার সঙ্গে আপস করতে দেব না’— যোগ করেন সোহেল।
পাক-আফগান সীমান্তে যেকোনো ধরনের উস্কানি এবং বহিরাগত আগ্রাসনের নিন্দা জানান এই মুখ্যমন্ত্রী।
এদিকে আফগানিস্তানে ‘গজব লিল–হক’ অভিযানে এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র একথা জানান। খবর আল–জাজিরার।
পাকিস্তান সামরিক বাহিনী ওই মুখপাত্র আরও বলেন, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন।
এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।

