কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন তখনো ছিল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সীমাবদ্ধ। ২০২৪ সালের ১৬ জুলাই। রংপুরের পার্ক মোড় তখন উত্তপ্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারদিকে। পুলিশের অবস্থান, শিক্ষার্থীদের স্লোগান আর অনিশ্চয়তায় ভরা সেই দুপুরে আচমকা ইতিহাসের পাতায় লেখা হয়ে যায় এক তরুণের নাম।
সেদিন পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়...