বাঁশঝাড়ের কোণে খোলা একচালা ছাপরায় কাঠের একটি পুরনো চৌকিতে বসে থাকেন ৮০ বছর বয়সী শফিকুল ইসলাম। তার এক পায়ে লোহার শিকল। এই শিকলই তার চার দশকের সঙ্গী। একটু দূরে পাকা বাড়িতে থাকেন স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনি। অথচ শফিকুলের ঠিকানা বাড়ির বাইরে, উঠানের প্রায় ৫০ গজ দূরে একটি খোলা বারান্দা।
শফিকুলের জীবন এমন ছিল না। একসময় তিনি ছিলেন পরিশ্রমী কৃষক হিসেবে পরিচিত। ভোরে লাঙল, কোদাল আর গরু নিয়ে যেতেন মাঠে। নিজের ঘামে কিনেছেন প্রায় ২৫ দোন কৃষিজমি (স্থানীয় হিসাবে ২৭ শতাংশে এক দোন)। সেই জমির ফসলেই বড় করেছেন দুই...