একদিকে স্মার্টফোনের পর্দায় আটকে থাকা শৈশব, অনলাইন গেমের নেশা আর মাদকের ভয়াবহ ছোবল; অন্যদিকে বইয়ের পাতায় নতুন পৃথিবী খুঁজে ফেরার আনন্দ। সময়ের এই বিপরীত স্রোতে দাঁড়িয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের কয়েকজন স্বপ্নবাজ মানুষ।তাদের উদ্যোগে গড়ে ওঠা ‘শেখ নূর মুহাম্মাদ স্মৃতি পাঠাগার’ এখন শিশু-কিশোর ও তরুণদের বইমুখী করার পাশাপাশি গ্রামীণ জনপদে জ্ঞানের আলো ছড়াচ্ছে।
প্রতিদিন বিকেল হলেই পাঠাগারটিতে বাড়তে থাকে খুদে পাঠকদের আনাগোনা। কেউ মগ্ন হয় রূপকথা ও গল...