পকেটে বাজারের ফর্দ নিয়ে রিকশা থেকে নামলেন এক তরুণ। নাম তার রবিউল ইসলাম। উদ্দেশ্য কসমেটিকস আর কিছু কাপড় কেনা। কিন্তু বাজারের প্রথম গলিতে ঢোকার ১০ মিনিটের মাথায় টের পেলেন, তিনি দিক হারিয়েছেন। যে গলি দিয়ে ঢুকেছিলেন, শতচেষ্টা করেও সেটি আর খুঁজে পাচ্ছেন না। পাশ দিয়ে ছুটে চলা এক কুলির মাথায় বিশাল ঝাঁকা। তাতে মুরগি ও নানা সবজি। চারপাশ থেকে ভেসে আসছে হাঁকডাক— ‘এই আপা আসেন, এইখানে থ্রি-পিস, শাড়ি সব আছে।’ এটি কোনো সিনেমার দৃশ্য নয়, চট্টগ্রাম নগরের ‘রেয়াজুদ্দিন বাজার’-এ প্রতিদিন আসা লাখো মানুষের চিরচেনা অভ...