সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে লোকালয়ে এসে বনের পাশের গ্রাম ঘুরে গেছে একটি রয়েল বেঙ্গল টাইগার। নদীর চর থেকে শুরু করে বসতবাড়ির আশপাশ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে দেখা গেছে বাঘের পায়ের অসংখ্য ছাপ। তবে বাঘটি আবার বনে ফিরে গেছে, নাকি এখনো লোকালয়ের ঝোপঝাড়ে লুকিয়ে আছে, তা নিয়ে চরের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। বাঘের আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বনসংলগ্ন গ্রামটিতে।
আজ সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় বাঘের পায়ের এই...