সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে আট বছর না পেরোতেই হয়ে পড়েছে পুরোপুরি বিকল। ২০২০ সাল থেকে সেগুলো পড়ে আছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন লোকোশেডে। অথচ শুরুতেই কারিগরি ত্রুটি সারানো গেলে এখনো চলাচল করতে পারত ট্রেনগুলো।
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের লোকোশেডে দেখা মিলল তেমনই একটি নষ্ট ডেমু ট্রেনের। অযত্নে দাঁড়িয়ে থাকা ৩০ কোটি টাকা দামের ট্রেনটি যেন কর্তৃপক্ষের অবহেলার নিদর্শন।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০১২ সালে চীনের ত...