পিচঢালা সড়কের দুই পাশে সারি সারি গাছ। কোথাও ঘন ছায়ার শীতলতা, কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠের সবুজ বিস্তার। প্রকৃতির বুক চিরে আঁকাবাঁকা পথ এগিয়ে গেছে দূর দিগন্তের দিকে। সেই সবুজের রাজ্যে হঠাৎ চোখ আটকে যায় এক বিশাল বৃক্ষের দিকে। দূর থেকে মনে হয়, সবুজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো প্রাচীন প্রহরী। কাছে যেতেই বোঝা যায়, এটি কোনো সাধারণ গাছ নয়, এটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর হরিণমারী মন্ডুমালা গ্রামের দুই শতাব্দীর ইতিহাস বহনকারী সূর্যপুরী আমগাছ।
সময়ের স্রোতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, বদলে গে...