পশ্চিমাকাশে হেলে পড়েছে সূর্য। গোধূলির নরম আলোয় দেবীর মুখ হয়ে উঠেছে আরও মায়াময়। চারদিকে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনি। সাগরের জলে যখন শেষ প্রতিমাটি নিরঞ্জন দেওয়া হলো, দিনের আলো তখন প্রায় নিভে এসেছে। পুণ্যার্থীদের চোখে জল, মনে বিদায়ের বিষাদ।অশ্রুসিক্ত বিদায়ের এই আবহের মধ্য দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। আজ বুধবার বিজয়া দশমীতে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে গেছেন দেবী দুর্গা।এর আগে সকালে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেল...