আগামীকাল ফরাসি মাস্টার ফিল্মমেকার জ্যাক তাতির জন্মদিন। তার সৃষ্টি করা বিখ্যাত চরিত্র মসিঁয়্যে য়্যুলোর কথা জানাচ্ছেন রুদ্র আরিফ
‘যেখানে কোনো সমস্যা নেই, সেখানেও তিনি সমস্যার আভাস পান আর তা খুঁজে বের করেন’— জ্যাক তাতি সম্পর্কে বলেছিলেন জ্যঁ-লুক গোদার। ৯ অক্টোবর ১৯০৭ থেকে ৪ নভেম্বর ১৯৮২— ৭৫ বছরের আয়ুষ্কালে মাত্র ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেও তাতি ছিলেন ইতিহাসের অন্যতম উদ্ভাবনী ও প্রভাবশালী নির্মাতা। ভিজ্যুয়াল কমেডিকে তিনি মৌলিকভাবে একটি নতুন রূপ দিয়েছিলেন। নির্বাক চলচ্চিত্রের কৌতুক ধা...