আমাদের ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদ (জন্ম, ১১ জুলাই, ১৯৩৬ খ্রিষ্টাব্দ— মৃত্যু ১৫ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ) আমার প্রিয় কবি। তিনি একধারে একজন কবি, ঔপন্যাসিক এবং গুরুত্বপূর্ণ ছোটগল্পকার। তিরিশ এর কবিদের হাতে বাংলা কবিতায় যে কথিত আধুনিকতার ঊন্মেষ, তার সফলতার পতাকা আল মাহমুদ পঞ্চাশের দশক থেকে আমৃত্যু গর্ব ও কৃতিত্বের সঙ্গে বহন করেছেন। রবীন্দ্র-বিরোধী তিরিশের কবিরা বাংলা কবিতার মাস্তুল পশ্চিমের দিকে ঘুরিয়ে যাত্রা শুরু করেছিলেন, আল মাহমুদ আধুনিক বাংলা কবিতাকে বাংলার ঐতিহ্যে প্রোথিত করেছেন মৌ...