আগামীর সময়

অস্ট্রেলিয়ার বিশ্বকাপযাত্রায় আরেক ধাক্কা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপযাত্রায় আরেক ধাক্কা

অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। ছবি: এক্স

প্যাট কামিন্স ছিটকে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তাতে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিটে লেগেছে বড় ধাক্কা। এর মাঝেই এলো আরেকটি দুঃসংবাদ। নির্ভরযোগ্য আরেক পেসার জশ হ্যালেজউডকেও কুড়ি ওভারের বিশ্ব আসরের পুরো সময়টায় পাচ্ছে না দলটি। ডানহাতি পেসার চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের শক্তি কমে গেল আরও।


গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে মাঠের বাইরে হ্যাজেলউড। হ্যামিস্ট্রিং চোটে খেলতে পারেননি অ্যাশেজে। এরপর গোড়ালির সমস্যায় মাঠে ফেরার সময় আরও দীর্ঘ হয়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিট হ্যাজেলউডকে পাওয়া যাবে। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে হওয়ায় বিশ্বকাপের অর্ধেকটা তিনি খেলতে পারবেন না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


ডানহাতি পেসার ফিট হয়ে উঠতে না পারায় বোলিং অলরাউন্ডার শন অ্যাবটকে রিজার্ভ সদস্য হিসেবে যোগ করা হয়েছে দলে। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।


কামিন্সকে বিশ্বকাপ পেতে অ্যাশেজের সব ম্যাচ খেলায়নি অস্ট্রেলিয়া। এরপরও অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার চোট কাটিয়ে উঠতে পারেননি। এই পেসার ছিটকে যাওয়ার পর এলো হ্যাজেলউডের দুঃসংবাদ। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে কামিন্স বলেছেন, “কয়েকদিন আগে জশের (হ্যাজেলউড) সঙ্গে আমার কথা হলো। ও ভীষণ পরিশ্রম করে যাচ্ছিল। ওর জন্য খারাপ লাগছে।”


এদিকে কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়া দলে যোগ করেছে বেন ডরশুইসকে। বিশ্বকাপ মিস করা কামিন্স আইপিএল দিয়ে মাঠে ফেরার মিশনে রয়েছেন। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ান এই পেসার।

    শেয়ার করুন: