আগামীর সময়

রিয়াল ম্যাচে নিষিদ্ধ প্রেস্তিয়ানি

রিয়াল ম্যাচে নিষিদ্ধ প্রেস্তিয়ানি

বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি। উয়েফার তদন্ত চলছে। এর মাঝেই জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে নিষিদ্ধ করল উয়েফা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার ফিরতি ম্যাচ খেলতে পারবেন না এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা পাওয়ার লড়াইয়ে প্লে অফ খেলছে রিয়াল-বেনফিকা। এস্তাদিও দা লুজের প্রথম লেগ ১-০ গোলে জিতেছে মাদ্রিদের ক্লাবটি। ওই ম্যাচের একমাত্র গোলদাতা ভিনিসিয়ুস দুর্দান্ত গোল করে কর্নার পতাকার সামনে উদযাপন করেছিলেন।

তার গোল উদযাপন পছন্দ হয়নি বেনফিকার খেলোয়াড়দের। যাদের মধ্যে প্রেস্তিয়ানিও ছিলেন। ভিনির ওপর ক্ষুব্ধ হয়ে কিছু একটা বলেছিলেন তিনি। জার্সি দিয়ে মুখ ঢেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ‘আক্রমণ’ করায় বোঝা যায়নি তার কথা। ভিনিসিয়ুস দাবি করেন, তিনি বর্ণবাদের শিকার হয়েছেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জানান, আর্জেন্টাইন ফরোয়ার্ড পাঁচবার ‘বানর’ বলেছেন ভিনিসিয়ুসকে।

গুরুতর এই অভিযোগে তদন্তে নেমেছে উয়েফা। তদন্তের মাঝেই প্রাথমিকভাবে রিয়াল ম্যাচে প্রেস্তিয়ানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি আরও কঠিন, ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ানি।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, বেনফিকা ও রিয়াল মাদ্রিদের প্লে অফ ম্যাচের প্রথম লেগে আচরণবিধি নিয়ে অভিযোগ উঠেছে। জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

বেনফিকা অবশ্য এই শাস্তি মানছে না। শাস্তির বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে তারা, “তদন্ত এখনও প্রক্রিয়াধীন, এর মাঝে খেলোয়াড়কে ম্যাচ থেকে বঞ্চিত করায় ক্লাব দুঃখিত। আমরা উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।”

    শেয়ার করুন: