ফ্রেঞ্চ ওপেন
জন্মদিনে বিদায় চারবারের চ্যাম্পিয়নের
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
জন্মদিনে যে কারো মনেই থাকে উৎসবের রঙ। সেই উৎসবের দিনেই যদি নিজের প্রিয় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়, এর চেয়ে কষ্টের হয়তো আর কিছুই নেই। এমনই এক তিক্ত অভিজ্ঞতা হলো ফ্রেঞ্চ ওপেনের চারবারের চ্যাম্পিয়ন ইগা সিয়াতেকের।
নিজের ২৫তম জন্মদিনে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন সিয়াতেক। চতুর্থ রাউন্ডে ইউক্রেনের মার্তা কোস্তিউকের কাছে ৫-৭, ১-৬ ব্যবধানে সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন পোলিশ তৃতীয় বাছাই।
ফিলিপ শাতিয়ে কোর্টে নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না সাবেক চ্যাম্পিয়ন সিয়াতেক। ২০১৯ সালে অভিষেকের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ক্লে কোর্টের রাণী।
অন্যদিকে, এই বছর ক্লে কোর্টে অপরাজিত কোস্তিউক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন স্বদেশি ইলিনা সভিতোলিনার।






