বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি
নেপালকে উড়িয়ে শুরু বাংলাদেশের

ছবি: আগামীর সময়
চার জাতি ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’তে উড়ন্ত শুরু করল বাংলাদেশ। আন্তর্জাতিক এই নারী হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।
২০১৯ এসএ গেমসে নেপালের কাছে হারের ক্ষততে এই বড় জয় প্রলেপ দিবে নিশ্চিতভাবে। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল তারা। বিরতির আগেই বাংলাদেশ এগিয়ে যায় ১৩–৯ গোলে। এগিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা।
আলপনা আক্তার ৭ গোল করে জিতেন ম্যাচ সেরার পুরস্কার। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং করেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি ও সায়মা জান্নাত সীমা করেছেন ৪টি গোল। মাসুদা আক্তার ২ গোল ও একবার করে বল জালে পাঠান পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহ।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন শুধু হ্যান্ডবল নয়, দেশের সব ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার সরকারের প্রাথমিক পরিকল্পনার কথা।
তিনি বললেন,'ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা। আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন–২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’
সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের ম্যাচ। ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।





