‘আমেরিকান স্বপ্নে’ বাধা জভেরেভ

গ্রাফিকস: আগামীর সময়
আক্ষেপটা ২৩ বছরের। ২০০৩ সালের পর ইউএস ওপেন ছেলেদের এককের শিরোপা জেতেননি কোনো আমেরিকান। অ্যান্ডি রডিকের শিরোপা উঁচিয়ে ধরার সময় বেন শেলটনের বয়স এক বছরও হয়নি। সেই শেলটনের হাত ধরে এবার ‘আমেরিকান ড্রিম’ পূরণের আশায় পুরো যুক্তরাষ্ট্র। সেই স্বপ্নে বাধা জার্মান তারকা আলেকজান্দার জভেরেভ। আজকের ফাইনালে ফ্লাশিং মিডোজে মুখোমুখি হচ্ছেন দুজন।
সেমিফাইনালে রাশিয়ার অবাছাই কারেন খাচানভকে ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬ (৯-৬) গেমে হারিয়েছেন জভেরেভ। এ বছর এ নিয়ে টানা টানা তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালের টিকিট পেলেন তিনি। আর শেলটন ৪-৬, ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রেরই ফ্রান্সেস টিয়াফোকে।
২০০৩ সালে রডিকের ইউএস ওপেন জয়ের পর ছয়বার কোনো মার্কিন পৌঁছাতে পেরেছিলেন ফাইনালে। দুই বছর আগে সর্বশেষ ফাইনাল খেলেন টেলর ফ্রিটজ। তিনি শিরোপা না জিতলেও জভেরেভকে হারিয়ে ২৩ বছরের খরা কাটাতে মুখিয়ে শেলটন, ‘চাপ সবসময়ই থাকে। প্রথম রাউন্ডে আমার যেমন চাপ ছিল, সেমিফাইনালেও ঠিক তাই ছিল। আর আমি নিশ্চিত, ফাইনালেও সেটি থাকবে। আমি এক নাম্বার বাছাই আর একটি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের বিপক্ষে খেলব। অবশ্যই চাইব নিজের প্রথম গ্র্যান্ড স্লামটি জিততে।’
ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পুরুষ খেলোয়াড় হিসেবে আর্থার অ্যাশ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ১৯৬৮ সালে, সেটি ইউএস ওপেনেই। ১৯৮৩ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যান্ড স্লামের স্বাদ পান ফ্রান্সের ইয়ানিক নোয়া। ইতিহাসের তৃতীয় কৃষ্ণাঙ্গ পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি এখন শেলটনের সামনে। সেটিও কি না আর্থার অ্যাশ স্টেডিয়ামে।
সেই স্বপ্নপূরণ করতে দিতে চান না জভেরেভ। তার সামনেও হাতছানি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের। এ বছর তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। তবে গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের তেতো স্বাদ আছে তিনবার! ফাইনাল হেরেছেন ২০২০ ইউএস ওপেন, ২০২৪ ফ্রেঞ্চ ওপেন আর ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম ফাইনালে দ্বিতীয় শিরোপার অপেক্ষায় জভেরেভ।



