কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু

ছবি: আগামীর সময়
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল শুরু হবে ২৫ আগস্ট মঙ্গলবার। এবারও বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
এ উপলক্ষ্যে আজ রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের খুঁটিনাটি তুলে ধরেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ’র ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।
২৫ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় হোম অব বিএসপিএতে ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।
আয়োজকরা জানান, এবার ৮ ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো— আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। কার্নিভালের পর্দা নামবে ৭ সেপ্টেম্বর।






