আগামীর সময়

সরাসরি চুক্তিতে পিএসএলের দলে মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলের দলে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ছবি: লাহোর কালান্দার্স ফেসবুক

রকলকাতা নাইট রাইডার্স মোটা অঙ্কের অর্থ দিয়ে কিনেছিল মোস্তাফিজুর রহমানকে। কিন্তু কিছুদিন না যেতেই কী ‘এক অদৃশ্য কারণে’ বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দেয় তারা।


মোস্তাফিজ যেহেতু আইপিএলে নেই, এই সুযোগটাই নিতে চেয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলো। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থেকে কাজটা সেরে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের জন্য বসে না থেকে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে ঘরে তুলেছে এই ফ্র্যাঞ্চাইজি।


আইপিএলের সঙ্গে পাল্লা দিতে এবারের আসরে নতুন দুটি দল যোগ করেছে পিএসএল। আইপিএলের সময়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজন করছে তাদের টুর্নামেন্ট। ১১ ফেব্রুয়ারি হতে যাচ্ছে নিলাম। এর আগেই সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেয়ে গেলেন মোস্তাফিজ।


সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে বিষয়টি। মোস্তাফিজের ছবি দিয়ে তারা লিখেছে, “ফিজ। ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজ রহমানকে এবার সরাসরি চুক্তিতে সাক্ষর করেছি। অবশেষে তিনি আবার পরিবারে ফিরলেন।”


পিএসএলের খেলোয়াড় কেনার নিয়ম অনুযায়ী, সরাসরি চুক্তি করা খেলোয়াড়ের দাম প্রকাশ করা বাধ্যতামূলক। নিয়ম মেনে লাহোরও মোস্তাফিজকে কেনার দাম জানিয়েছে। বাংলাদেশি পেসারকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২ কোটি ৮১ লাখ টাকা।


বাংলাদেশি হিসেবে আইপিএলে সর্বোচ্চ দামি খেলোয়াড়ের ‘ট্যাগ’ লেগেছিল মোস্তাফিজের গায়ে। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কলকাতা। আইপিএল থেকে বাদ পড়ায় পিএসএলে নিজের সেরাটা দিতে  নিশ্চয়ই মুখিয়ে থাকবেন ‘কাটার মাস্টার’!

    শেয়ার করুন: