বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শুধু এক ম্যাচ!

শিরোপা ধরে রাখার অভিযানে এবারের বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অন্যতম ফেভারিটও ৪৮ দলের বিশ্বকাপে। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসসহ আর্জেন্টিনার সবাই ক্লাব ফুটবলে আছেন ছন্দে। তবে বিশ্বকাপের আগে দল হিসেবে গড়ে উঠতে প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি। সেই সুযোগটাই আর পাচ্ছে কোথায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা?
মধ্যপ্রাচ্যের যুদ্ধে কাতারের দোহায় স্পেনের বিপক্ষে ‘ফিনালসিমা’ খেলা হচ্ছে না আর্জেন্টিনার। দেশটিতে সব ধরনের ফুটবল বন্ধ এখন। সেই ম্যাচের নতুন ভেন্যুও ঠিক হয়নি। ২৭ মার্চের ম্যাচটি হতে পারে মায়ামি, নিউজার্সি বা লন্ডনে। আর আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানাচ্ছে বিশ্বকাপের আগে ‘ফিনালসিমা’ই একমাত্র ম্যাচ হতে যাচ্ছে মেসিদের।
কারণ ‘ফিনালিসমা’র পর ৩১ মার্চ কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচটাও বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। শুধু আর্জেন্টিনা-কাতার নয়, যুদ্ধের জন্য বাতিল হয়েছে পুরো ‘কাতার ফুটবল উৎসব’।
এই উৎসবে কাতারে খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল সৌদি আরব, মিশর, সার্বিয়া ও স্পেনকে। ‘ফিনালিসমা’র পর ৩০ মার্চ স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল মিশরের। যুদ্ধের জন্য বাতিল হয়ে গেছে পুরো টুর্নামেন্ট।
বিশ্বকাপের আগে জুনে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে খেলার সূচি ছিল আর্জেন্টিনার। ‘টিওয়াইসি স্পোর্টস’ জানাচ্ছে সেই ম্যাচ দুটিও বাতিল করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাহলে বিশ্বকাপের আগে কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা?
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কারও বিপক্ষে ম্যাচের আয়োজন করতে না পারলে ‘ফিনালিসমা’ই হতে পারে জুনের আগে মেসিদের একমাত্র ম্যাচ!

