আগামীর সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপ

১০ বছর পর চার মহাদেশের সেমিফাইনাল

১০ বছর পর চার মহাদেশের সেমিফাইনাল

ক্রিকেট এখনো বৈশ্বিক খেলা হয়ে উঠতে পারেনি। টেস্টই খেলে হাতে গোনা কিছু দেশ। আইসিসি সহযোগী সব দেশকে টি-টোয়েন্টির মর্যাদা দিলেও ঘুরেফিরে দাপট কিছু দলেরই। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন সেই ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া। এমনকি সেমিফাইনালের চার দল একবারই শুধু ছিল আলাদা চার মহাদেশের।


২০১৬ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলেছিল চার মহাদেশের আলাদা চার দল- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ১০ বছর পর এবারের বিশ্বকাপেও সেমিফাইনাল খেলছে চার মহাদেশের চার দল। আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, এশিয়ার ভারত, ইউরোপের ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া (ওশিনিয়া) মহাদেশের নিউজিল্যান্ড।


আজ প্রথম সেমিফাইনালে ইডেনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল ওয়াংখেড়ে অপর সেমিফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড। এ নিয়ে টানা তিনবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। কাকতালীয় হচ্ছে আগের দুবার যারা শেষ চারের ম্যাচ জিতেছি, শিরোপাও ঘরে তুলেছিল তারা!


বিশ্বকাপে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। আজকের সেমিফাইনালে তাই মানসিকভাবে এগিয়ে থেকে শুরু করবে প্রোটিয়ারা। সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাও এগিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকাকে। তিনি বলেছেন,‘ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা আর ভারতকে বেছে নেব আমি।’


দুই দলের ১৯ বারের দেখায় ১২ বার জিতেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ড ৯ বার। আর বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। একবারও জিততে পারেনি নিউজিল্যান্ড। ম্যাকগ্রা এবারও ফেভারিট বেছে নিলেন দক্ষিণ আফ্রিকাকে, ‘দক্ষিণ আফ্রিকার সামনে পড়লে নিউজিল্যান্ডের কিছু একটা হয়। দক্ষিণ আফ্রিকা সব সময়ই দাপটে জিতে যায়, জানি না কেন এমন হয়।’


সেই ধারাবাহিকতা এবার থাকে কিনা সেটাই দেখার।

    শেয়ার করুন: