বাসিত আলী
বাবর মাঠের নয়, সোশ্যাল মিডিয়ার কিংবদন্তি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর বাবর আজমের নেতৃত্ব ও ব্যাটিং সামর্থ্য নিয়ে তীব্র আক্রমণ করলেন দেশটির সাবেক ব্যাটার বাসিত আলী। লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ও অধিনায়ক বাবর আজমকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বাসিতের মতে, বাবর কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভক্তদের কাছেই বড় খেলোয়াড়।
দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ৩৯ জন রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা অধিনায়ক বাবর আজম দ্বিতীয় ইনিংসে আউট হন মাত্র ৬ রান করে। ‘দ্য গেম প্ল্যান’ শোতে বাসিত আলী বলেন, ‘মাজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক বা ইউনিস খানের মতো তারকারা কঠিন সময়ে দলের দুর্দিনে পারফরম্যান্স করেই কিংবদন্তি হয়েছেন। তারা এমনিতেই গ্রেট খেলোয়াড় হয়ে ওঠেননি। আমি শচীন টেন্ডুলকারের কথা বলছি না, আমি আমার নিজের দেশের খেলোয়াড়দের কথা বলছি।’
বাবরের দীর্ঘ সময় ধরে টেস্ট সেঞ্চুরি না পাওয়ার প্রসঙ্গটি টেনে এনে তিনি আরও বলেন, ‘যদি আপনি কঠিন সময়ে কিছু করতে না পারেন, তাহলে লাভটা কী? আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কাছে একজন মহান খেলোয়াড়। আপনি সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি খেলোয়াড়। আমি বাবরকে নিয়েই কথা বলছি, তার নামই নিলাম। সে গত চার বছরে কোনো টেস্ট সেঞ্চুরি করেনি। তিনি কবে এটি করবেন? এটি অত্যন্ত বেদনার বিষয়, যখন পুরো দলের ব্যাটিংটাই তার ওপর নির্ভর করে। দয়া করে এমন বাজে শট খেলে আউট হবেন না!’
শুধু বাবর নন, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের বাকি সিনিয়র ব্যাটারদের শট সিলেকশন নিয়েও কঠোর সমালোচনা করেছেন বাসিত আলী। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিল ৯৭ রানের লড়াকু ইনিংস খেললেও তার আউট হওয়ার ধরনে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সৌদের শট নিয়েও সন্তুষ্ট নই। আপনি পাঁচজন ফিল্ডারকে সামনে রেখে কেমন শট খেলছেন?’ এছাড়া মাত্র ১ রান করে আউট হওয়া উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সমালোচনা করে বাসিত বলেন, ‘রিজওয়ান কেমন শট খেলল? তার কি কোনো বুদ্ধি নেই? সে কি টেস্ট ম্যাচ খেলছে নাকি গলির ক্রিকেট?’








