ব্রাজিলকে হারানোর স্মৃতি ট্যাটু করালেন ওতামেন্দি

সংগৃহীত ছবি
আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি প্রকাশ করেছেন তার ট্যাটু-আবৃত শরীরে যুক্ত হওয়া আরেকটি নতুন ও বিশেষ ট্যাটু। সেটি হলো ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মারাকানায় ২০২৩ সালে ব্রাজিলের বিপক্ষে করা তার গোলের স্মৃতিচিহ্ন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে এই ডিফেন্ডার তার ডান হাঁটুতে করা নতুন ট্যাটুটি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় মাঠের অর্ধেক অংশ, যেখানে দুটি লাল রেখায় চিহ্নিত করা আছে কর্নার কিক থেকে শুরু করে আর্জেন্টিনার প্রথম গোল পর্যন্ত বলের গতিপথ।
আলোচ্য ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ২১ নভেম্বর, বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডে। ঐতিহাসিক এই ম্যাচে আর্জেন্টিনা জয়ী হয়, যা স্মরণীয় হয়ে আছে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের জড়িয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কারণে। যার ফলে ম্যাচ শুরু হতে আধা ঘণ্টা দেরি হয়।
ম্যাচের এক ঘণ্টা পর বাঁ প্রান্ত থেকে ক্রস করেন জিওভানি লো সেলসো। ওতামেন্দি শূন্যে উঠে হেডে বল পাঠান, যা আটকানোর কোনো উপায় ছিল না আলিসনের কাছে, জালের ডান কোণায় জড়িয়ে যায় বল। উদযাপনের সময় ওতামেন্দি হাত বাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজের দিকে নির্দেশ করেন এবং স্বাগতিক দর্শকদের দিকে তাকান।
ঐতিহাসিক সেই গোল আর্জেন্টাইন এই খেলোয়াড়ের মনে গভীর ছাপ রেখে গেছে, যিনি এখন জাতীয় দলের হয়ে তার শেষ বিশ্বকাপ খেলছেন। সেই গোল কেবল অস্থির সময় পার করা ব্রাজিলকে আরও হতাশ করেনি, বরং সেই স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অপরাজিত যাত্রার সমাপ্তিও ঘটায়।




