আগামীর সময়

অবসরে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক

অবসরে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক

অবসরে মেসির সাবেক সতীর্থ রোমেরো। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ার তার। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৬ ম্যাচ। গোলরক্ষকদের মধ্যে এটা আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। গোলপোস্টের সেই অতন্দ্রপ্রহরী সের্হিও রোমেরো বিদায় বললেন ফুটবলকে।

গ্লাভসজোড়া তুলে রাখলেও ফুটবলেই জড়িয়ে থাকবেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। ৩৯ বছর বয়সী রোমেরো গোলরক্ষক কোচ হিসেবে নতুন শুরু করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেল্লি।

ইউরোপ-অধ্যায় শেষ ক্যারিয়ারের শেষবেলায় রেসিং ক্লাবে ফাকুন্দো কামবেসেসের বিকল্প হিসেবে খেলতে চেয়েছিলেন রোমেরো। সেই সুযোগ আর পাননি। শেষ পর্যন্ত আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনায় নিজের শেষ ম্যাচটি খেলে গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রোমেরো।

আর্জেন্টিনার হয়ে ৯৬ ম্যাচের মধ্যে ৪৭ ম্যাচে গোল হজম করেননি রোমেরো। ভক্তরা তাকে ডাকত ‘চিকিতো’ নামে। রোমেরোর অসাধারণ নৈপুণ্যে ২০১৪ সালে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। সেবার সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছিলেন তিনি।

রেসিং ক্লাবের যুব দল নিয়ে উঠে আসেন রোমেরো। এরপর খেলেন নেদারল‍্যান্ডসের ক্লাব এজেড আলকামার ও ইতালির সাম্পদরিয়ায়। মাঝে এক মৌসুম ধারে খেলেন মোনাকোয়।
২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন ম‍্যানচেস্টার ইউনাইটেডে। দাভিদ দে হেয়ার ব‍্যাকআপ হওয়ায় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি সেভাবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ ম‍্যাচ খেলে ৩৯টিতেই জাল অক্ষত রেখেছিলেন তিনি।

এক বছর ভালেন্সিয়ায় খেলে ২০২২ সালে যোগ দেন বোকা জুনিয়র্সে। গত বছর খেলেন আর্জেন্টিনা জুনিয়র্সে। ডিসেম্বরে ক্লাব ছেড়ে দিলে ফ্রি এজেন্ট ছিলেন যুব বিশ্বকাপ ও অলিম্পিক জেতা রোমেরো।

    শেয়ার করুন: