ফাইনালের ঘটনায় বড় শাস্তি পেলেন পারেদেসরা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকেও শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দিতে দেখা যায় পারেদেসকে। ঘটনার তদন্ত শেষে তার ওপর ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আর্জেন্টিনার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার জরিমানাও ৯০ হাজার ডলার। দলের কর্মকর্তা রবার্তো আয়ালা পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা।
এ ছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের পাবলো মার্তিন পায়েস গাভিরাকে (গাভি) এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচে শৃঙ্খলাভঙ্গ এবং ম্যাচের নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।






