প্রিয় দলের মাঠে গোল পাননি মেসি

৯০০ গোলের অপেক্ষা বাড়ল মেসির। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির কাঁধে চড়ে ছুটছে ইন্টার মায়ামি। তবে মেসি গোল বা অ্যাসিস্ট না করলে বিবর্ণই থাকে দলটি। আজ সকালে ন্যাশভিলের গিওদিস পার্কে একই পরিণতি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে।
ন্যাশভিলের বিপক্ষে গোল বা অ্যাসিস্ট পাননি মেসি, তাতে গোলশূন্য ড্র করেছে মায়ামি। বাংলাদেশ সময় ১৯ মার্চ ভোর ৫টায় মায়ামির মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। মেসি অবশ্য এর আগেই পা রাখতে পারেন ৯০০ গোলের মাইলফলকে। এমএলএসে ১৫ মার্চ চার্লটের মুখোমুখি হবে মায়ামি।
পেশাদার ক্যারিয়ারে মেসির গোল ৮৯৯টি। ৯৬০ গোল নিয়ে মেসির সামনে শুধু ক্রিস্তিয়ানো রোনালদো। মেসির ক্যারিয়ারের বড় অংশ কেটেছে বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে তার গোল ৬৭২টি। পিএসজির হয়ে ৩২, মায়ামির হয়ে ৮০ আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে করেছেন ১১৫ গোল।
৯০০তম গোল করার একটা সুযোগ মেসি হারালেন আজ। অথচ ন্যাশভিলের বিপক্ষে সবসময়ই প্রভাব রেখে এসেছিলেন মেসি। দলটির বিপক্ষে গোল করেছিলেন টানা ৬ ম্যাচ।
সেই ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে গোল করেছিলেন ১২টি, অ্যাসিস্ট ৫টি। প্রিয় প্রতিপক্ষের মাঠে এবার দাপট থামল মেসির।

