অস্ত্রোপচারের পর মার্তিনেস
কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব

সংগৃহীত ছবি
এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পেয়েছেন চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। দুর্ঘটনাবশত এভারটন ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়াল ভেঙেছে আর্জেন্টাইন এই গোলরক্ষকের। পাশাপাশি তার মস্তিষ্কে আঘাতের (কনকাশন) বিষয়টিও নিশ্চিত করেছেন কোচ জাবি আলোনসো।
শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে এই চোট পান ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক। মাঠেই আট মিনিট ধরে তার চিকিৎসা চলে। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর চোয়াল ভাঙার পাশাপাশি কনকাশন ধরা পড়ে।
আজ সকালে অস্ত্রোপচার করিয়েছেন মার্তিনেস। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় নিজের একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে এই ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক লেখেন, ‘সবাইকে বার্তার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার সফল হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি এবং গোল হজম করিনি। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব।’
অস্ত্রোপচার সফল হওয়ার পর মার্তিনেসের প্রতি শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’



