মাদেইরাতেই বিয়ে রোনালদোর

সংগৃহীত ছবি
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন,‘আমি বিশ্বকাপ ট্রফি হাতে বিয়ের মঞ্চে পৌঁছাতে চাই। জর্জিনাই একমাত্র নারী যাকে ডেট করার পর মনে হয়েছে সংসার করা যায়।’ বিশ্বকাপ জেতা হয়নি রোনালদোর। তবে বিয়েটা করছেন ঠিকই।
বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে আগামী সপ্তাহে বিয়ে করতে চলেছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি। এই বিয়ের জন্য তিনি বেছে নিয়েছেন নিজের জন্মস্থান ও বেড়ে ওঠার দ্বীপ মাদেইরাকে।
পর্তুগালের কয়েকটি দৈনিক জানিয়েছে, রোনালদো বিয়ে করবেন মাদেইরাতেই। আগামী শনিবার জমকালো বিয়ের আয়োজনের জন্য দ্বীপটির ফুঞ্চালের ক্যাথেড্রালটি বুক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল ৩টায়।
রোনালদো ও ৩২ বছর বয়সী মডেল জর্জিনা রিসেপশনের জন্য কাছাকাছি পাঁচ তারকা 'সাভয় প্যালেস' হোটেলটি বুক করেছেন। হোটেলের অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং বেশ কিছু বার এলাকা সাধারণ ব্যবহারের জন্য বন্ধ থাকবে।
এটা শুধু তার বিয়ের ভেন্যুই নয়, রোনালদোর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শহরের নামও। এই শহরে তার সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, এমনকি তার নামে একটি হোটেলও আছে। শৈশবে ভাইবোনদের সঙ্গে একটি ঘর ভাগাভাগি করে থাকতেন রোনালদো। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যান স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে। তাই জন্মভূমিতে ফিরে বিয়ের সিদ্ধান্তটা রোনালদোর কাছে আবেগেরও।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড এখন খেলছেন সৌদি আরবের আল নাসরে। ২০১৬ সালে স্প্যানিশ-আর্জেন্টাইন সুন্দরী জর্জিনার সঙ্গে তার পরিচয় হয়। গত বছরের আগস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। গত সপ্তাহে স্পেনের মায়োরকায় একটি ইয়াটে ওঠার সময় এই যুগলের হাতে দেখা গেছে ডায়মন্ডের আংটি।








