১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

দশম মিনিটে গোল হজম করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের জন্য উজবেকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশের। ব্যবধানও হতে হবে বড়। অস্ট্রেলিয়ার পার্থে বাঁচা-মরার সেই ম্যাচে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের ১০ম মিনিটে একমাত্র গোলটি করেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
উজবেকিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে আর বাংলাদেশ আছে ১১২তম স্থানে। ব্যবধান বেশি থাকলেও প্রথমার্ধে বাংলাদেশ সমানতালেই লড়েছে। বাংলাদেশের বল পজেশন ৫৫.১ শতাংশ। গোলের জন্য পোস্টে ১২ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ২টি। সেখানে উজবেকিস্তান পোস্টে নিতে পারে ৭টি শট, লক্ষ্যে ছিল এর ৩টি।
১০ম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করে উজবেকিস্তান। নিলুফার কুদ্রাতোভার বাড়ানো বল ধরে বক্সের ডান দিক দিয়ে এগিয়ে দিওরাখোন খাবিবুল্লায়েভা ডান পায়ের শটে বল জড়ান জালে।
৩১তম মিনিটে গোল পেতে পারত বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক। ফিরতি বলে তহুরার ওভারহেড কিকও হয় লক্ষ্যভ্রষ্ট।
৪২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তহুরা খাতুন। মাঝমাঠ থেকে আসা বল দুই ডিফেন্ডারের পেছন নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে একা পেয়েও পাস দেন সামনে থাকা কোহাতি কিসকুকে। তার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সাইডলাইনের বাইরে।
আজ একাদশে তিন পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়া ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আইরিন খাতুন, নবীরন খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। একাদশে রাখা হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা ও শিউলি আজিমকে।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিলি আক্তার; ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র ; মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া, উমেহলা মারমা ; ফরোয়ার্ড: তহুরা খাতুন।

