এল ক্লাসিকোর আগে বার্সাকে নিয়ে ভাবছেন না মরিনহো

সংগৃহীত ছবি
লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে বড় জয় পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। পরদিন সেভিয়া এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। তবে দুই ম্যাচের পরই আলোচনায় এসেছে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক।
বেতিসের মাঠে বার্সেলোনার দাপুটে জয়ের ম্যাচে লামিন ইয়ামালের কারণে প্রতিপক্ষের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল লাল কার্ড দেখেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। রেফারির সিদ্ধান্তকে লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু সিদ্ধান্ত ছিল বোধগম্য নয় এবং ব্যাখ্যারও অযোগ্য।
বার্সেলোনা ও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রিয়াল মাদ্রিদের কাছে নতুন কিছু নয়। তাই সেভিয়ার বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ হোসে মরিনহোকে বেতিস-বার্সেলোনা ম্যাচে রেফারি রিকার্দো দে বুর্গোসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে সবাইকে অবাক করে দিয়ে মরিনহো বলেন, ‘আমি ম্যাচটি দেখিনি। কোনো রিপ্লে দেখিনি, হাইলাইটসও না। আমি বরং লাইপজিগের ম্যাচ দেখেছি।’
মরিনহো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ম্যাচের আগে লা লিগায় পরবর্তী প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে এক মিনিটও ভাবতে চান না তিনি।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের পরবর্তী প্রতিপক্ষ লাইপজিগ ওই সময় বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই মনোযোগ ছিল মরিনহোর।
সেভিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলেন রিয়াল কোচ, ‘আমি শুধু সেভিয়ার ম্যাচ নিয়েই ভাবতে চেয়েছিলাম। তবে সেই ম্যাচের প্রস্তুতি আগেই শেষ হয়ে গিয়েছিল।’
নিজেকে পুরোনো ধাঁচের কোচ উল্লেখ করে মরিনহো বলেন, ম্যাচের আগে ভালদেবেবাসের অনুশীলন কেন্দ্রে একা কিংবা সহকারীর সঙ্গে সময় কাটান তিনি। সেখানে নিরিবিলি পরিবেশে মনোযোগ ধরে রাখতে পারেন। বায়ার্ন-লাইপজিগ ম্যাচ দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অন্য কিছু দেখিনি। এটা কোনো রসিকতা নয়, সত্যিই দেখিনি।’
তবে বার্সেলোনা-বেতিস ম্যাচের বিতর্ক মরিনহোর কানেও পৌঁছেছিল, ‘পরে এ নিয়ে আলোচনা শুনেছি। এতে আমি অবাকও হইনি।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘এমন ঘটনা তো স্বাভাবিক।’
এদিকে সেভিয়ার বিপক্ষে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ রয়েছে। রিয়ালের আর্দা গুলের প্রতিপক্ষের পেকে ফার্নান্দেসের সঙ্গে দৌড়ানোর সময় কনুই দিয়ে আঘাত করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেভিয়ার দাবি, এ ঘটনায় গুলের লাল কার্ড দেখা উচিত ছিল। তবে ঘটনার স্পষ্ট টিভি ফুটেজ না থাকায় এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি মরিনহো। রিয়াল কখনো রেফারির সিদ্ধান্তে সুবিধা পেলে তা স্বীকার করতে দ্বিধা করবেন না বলেও জানান পর্তুগিজ কোচ।
লা লিগায় মুখোমুখি হওয়ার আগে সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে খেলবে দুই দল। রিয়ালের প্রতিপক্ষ লাইপজিগ, আর বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে।



