রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ এমবাপ্পের

সংগৃহীত ছবি
নিজের আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি নিজের করে নিতে ফরাসি তারকার হাতে সময় আছে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
২০০৯ সালে ক্লাবে আসার পর ২০১১ সালের ২ নভেম্বর লিওঁর মাঠে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের শততম গোল করেছিলেন রোনালদো। হোসে মরিনহোর অধীনে সাদা জার্সিতে নিজের তৃতীয় মৌসুমে তিনি এই কীর্তি গড়েছিলেন।
২০২৪ সালে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে চলেছেন এমবাপ্পে। প্রথম মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেন তিনি যার মধ্যে লা লিগায় ছিল ৩১টি। দুর্দান্ত এই পারফরম্যান্সে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতেন তিনি।
পরের মৌসুমে চারটি প্রতিযোগিতা মিলিয়ে মৌসুম শেষ করেন ৪২ গোল নিয়ে। দল কোনো শিরোপা না জিতলেও এবং গোল্ডেন বুট ধরে রাখতে না পারলেও টানা দ্বিতীয়বার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি জেতেন এমবাপ্পে। দুই মৌসুম মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৮৬টি।
এই মৌসুমের লা লিগার দ্বিতীয় রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের গোলসংখ্যা ৮৯-এ নিয়ে যান তিনি। এই ৮৯ গোল করতে তার লেগেছে ১০৫ ম্যাচ।
রিয়ালের হয়ে নিজের ১০০তম গোল করতে রোনালদোর লেগেছিল ঠিক ১০৫ ম্যাচ। অর্থাৎ ম্যাচের সংখ্যার হিসেবে রোনালদোর সমান অবস্থানে থাকলেও শততম গোলের দৌড়ে এখনো ১১ গোল পিছিয়ে এমবাপ্পে।
আগামী ২ নভেম্বরের আগে লা লিগায় নয়টি এবং চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। অর্থাৎ রিয়ালের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের নতুন রেকর্ড গড়তে তার সামনে রয়েছে মোট ১২ ম্যাচ।
১২ ম্যাচে ১১ গোল করা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে এমবাপ্পের গোল করার সামর্থ্য বিবেচনায় সেটি অসম্ভবও নয়।







