মেসির অবসর নিয়ে যা বললেন পারেদেস ও দি মারিয়া

বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলের হয়ে মেসির শেষ বলে মনে করছেন পারেদেস। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালটাই কী আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ? ওলে, ক্লারিন, টিওয়াইসির মত আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। এখনই মেসি অবসর নিচ্ছেন না বলে জানিয়েছিল তারা। এর মাঝেই মেসির কাছের মানুষদের একজন লিয়ান্দ্রো পারেদেস ফাটালেন বোমা।
গতকাল কোপা সুদামেরিকানা প্লে–অফ ম্যাচে বোকা জুনিয়র্সের জয়ের পর মিক্সড জোনে পারেদেসের কাছে জানতে চাওয়া হয় মেসির ভবিষ্যৎ নিয়ে। মেসির সঙ্গে একটা সময় পিএসজিতে খেলা পারদেস বলেছেন,‘ এটা কষ্টের। কারণ, পুরো বিশ্বকাপে আমরা যেমনটা বলে এসেছি, আমরা চাইনি শেষ ম্যাচটি কখনো আসুক। আমার মনে হয়, সে ঠিক করেই রেখেছিল যে এটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।’
অন্যদের মত অবশ্য পারেদেসও চান জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলুন মেসি,‘আশা করি, এমনটা হবে না। সে আরও খেলতে পারবে। সিদ্ধান্তটা তারই হবে। সে যা করলে খুশি থাকবে, আমাদের জন্যও আনন্দের হবে সেটা।’
আনহেল দি মারিয়াও চান না এখনই অবসর নিন মেসি। তিনি বলেছেন,‘ যতদিন না মেসি নিজে থামতে চায়, ততদিন তার খেলে যাওয়া উচিত। আমি মনে করি তার সামনে এখনও বহু বছর বাকি আছে। ৩৯ বছর বয়সে এসেও সে প্রমাণ করেছে যে সে ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। তার কোনো নির্দিষ্ট সীমা নেই।’
বিশ্বকাপ না জিতলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোটা ছিল আর্জেন্টিনার জন্য বড় প্রাপ্তি। দি মারিয়াও জানালেন সেটাই,‘ ইংল্যান্ডকে হারানোটাই ছিল সব অর্জনের মুকুট, আমার জন্য বিশ্বকাপ আসলে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। তারা দেশকে সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছিল।'




