বার্সাকে রোদ্রির 'হ্যাঁ' কিন্তু ম্যান সিটির 'না'

সংগৃহীত ছবি
ক্লাব বদলের সিদ্ধান্ত নিয়েছেন রোদ্রি। গন্তব্যও ঠিক করে ফেলেছেন বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের ইচ্ছাতেই শেষ হচ্ছে না দলবদলের গল্প। তাকে ন্যু ক্যাম্পে নিতে হলে ম্যানচেস্টার সিটির সঙ্গে কঠিন দর-কষাকষিতে নামতে হবে বার্সেলোনাকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি, বার্সেলোনায় যোগ দিতে রোদ্রি সম্মতি দিয়েছেন। এমনকি কোচ হান্সি ফ্লিকের সঙ্গে সরাসরি ফোনালাপের পর তার সিদ্ধান্ত আরও পরিষ্কার হয়েছে। রিয়াল মাদ্রিদের দিক থেকেও আগ্রহ ছিল। তবে অর্থের অঙ্ক নিয়ে মতবিরোধের কারণে সেই দৌড় থেকে সরে গেছে মাদ্রিদ। রোদ্রির এজেন্টও নিশ্চিত করেছেন যে রিয়ালের কর্মকর্তাদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তার ক্লায়েন্ট—তিনি বার্সেলোনাতেই যেতে চান।
তবে রোদ্রির পছন্দ আর সিটির হিসাব এক জায়গায় মিলছে না। ৩০ বছর বয়সী মিডফিল্ডারের জন্য বার্সেলোনা প্রস্তাব দিয়েছে ৪৫ মিলিয়ন ইউরোর সঙ্গে আরও ১৫ মিলিয়ন ইউরো পারফরম্যান্সভিত্তিক বোনাস। কিন্তু সিটির চাওয়া ৬৫ মিলিয়ন ইউরো। ফলে বার্সার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি।
বার্সেলোনার যুক্তি, রোদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১১ মাস। তাই মোট ৬০ মিলিয়ন ইউরোর প্যাকেজকে তারা যথেষ্ট মনে করছে। অন্যদিকে সিটি নিজেদের সিদ্ধান্ত থেকে একচুলও নড়তে চাইছে না। সাধারণত খেলোয়াড়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাউকে আটকে রাখার নজির কম ম্যানচেস্টার ক্লাবটির। কিন্তু রোদ্রির ক্ষেত্রে কাঙ্ক্ষিত মূল্য না পেলে তারা ছাড়তে রাজি নয়।
রোদ্রিকে পেতে বার্সার আগ্রহের পেছনে আরেকটি কারণও আছে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের সমস্যা দীর্ঘায়িত হওয়ায় মাঝমাঠে একজন নির্ভরযোগ্য নেতা প্রয়োজন বার্সার। সেই জায়গায় রোদ্রিকেই আদর্শ মনে করছেন ফ্লিক ও বার্সা।
রোদ্রির বেতন ও ট্রান্সফার ফি সামলাতে এরই মধ্যে স্কোয়াডের বেতনকাঠামোয় জায়গা তৈরির চেষ্টা করেছে বার্সা। তার পথ আপাতত আটকে আছে শুধু অর্থের অঙ্কে।




