রাফিনিয়াকে বদলে দিয়েছেন ফ্লিক

সংগৃহীত ছবি
মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছে বার্সেলোনা। হানসি ফ্লিকের অধীনে দলটি দারুণ ছন্দে আছে। টানা সাত জয়ের ম্যাচে তাদের বিধ্বংসী পারফরম্যান্স তাই প্রমাণ করে। তবে সামনে আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন দলটির অধিনায়ক রাফিনিয়া। লা লিগার ষষ্ঠ রাউন্ডে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা।
মৌসুমের শুরু থেকেই সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন রাফিনিয়া। নতুন পজিশনে দারুণ সময় কাটানো এই ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। লা লিগার গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। এটা সবসময় মনে রাখা গুরুত্বপূর্ণ। আমি কখনো বলব না যে আমি ভালো খেলছি বরং নিজের সবকিছু উন্নত করার চেষ্টা করি। গোল এবং জয় নিয়ে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় আর আমাদের উন্নতি চালিয়ে যেতে হবে।’
নতুন পজিশন নিয়ে মার্কাকে তিনি বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি, আর গোলও করছি।’
দলের মানসিকতা নিয়ে রাফিনিয়া বলেন, ‘খেলোয়াড়েরা জয়ের জন্য ক্ষুধার্ত। তারা সবসময় আরও বেশি কিছু চায়। আমাদের মানসিকতা এমন যে সুযোগ পেলেই আরও সুযোগ তৈরি করতে হবে। মাঠে সেটি স্পষ্ট দেখা যায়। আমরা একে অন্যকে দারুণভাবে সমর্থন করি।’
এরপর কোচ হান্সি ফ্লিকের প্রশংসা করেন বার্সেলোনা অধিনায়ক, ‘তিনি এমন একজন কোচ যিনি আমার চিন্তাভাবনা এবং নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। আমি সবসময়ই এটা বলে আসছি। তার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।’
তরুণ সতীর্থ লামিন ইয়ামালের ভুল নিয়েও কথা বলেছেন রাফিনিয়া, ‘আমাদের সবসময় দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। প্রথমার্ধে লামিনে একটি ভুল করেছে, এটা স্বাভাবিক। আমি যখনই পারব তাকে সাহায্য করব। তবে শুধু তাকে নয় সবাইকে। আমরা একটি পরিবার।’



