শাস্তি পেলেন মেসি, নিষেধাজ্ঞা উঠল সুলিভানের

সংগৃহীত ছবি
ক্যাভাল সুলিভানের ঘাড়ে হাত দিয়ে বিপাকে পড়েছিলেন লিওনেল মেসি। মেজর সকার লিগের সেই ঘটনায় এবার শাস্তি পাচ্ছেন মেসি। নিয়ম ভাঙার অপরাধে মেসিকে জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ। অন্যদিকে সুখবর পেয়েছেন সুলিভান। লাল কার্ড ও নিষেধাজ্ঞা উঠে গেছে তার।
গত বুধবার চেস্টারে ফিলাডেলফিয়া ইউনিয়নের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। সেই ম্যাচের ১০১ মিনিটের মাথায় ঘটনার সূত্রপাত। ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেইকেও সুলিভানের সঙ্গে একই অপরাধে জরিমানা করা হয়েছিল।
অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। এতে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি।
একই ম্যাচে সুলিভানের ঘাড়ে হাত দিয়ে তর্কে জড়িয়েছিলেন মেসি। সেই সময় কোন শাস্তি না পেলেও এবার জরিমানা গুণতে হবে তাকে। মেসিকে ঠিক কত টাকা জরিমানা করা হয়েছে, সেটা অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
স্বাধীন বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে সুলিভানের পক্ষে রায় দেওয়ায় তার লাল কার্ডের শাস্তি ও জরিমানা তুলে নেওয়া হয়েছে। বিচারক প্যানেলে ইউএস সকার, কানাডা সকার এবং পেশাদার রেফারি সংস্থার একজন করে প্রতিনিধি ছিলেন।
শাস্তি উঠে যাওয়ায় সুলিভানের আর অস্টিন এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে কোনো বাধা নেই। মেজর সকার লিগে নিয়ম অনুযায়ী, প্লে-অফসহ প্রতি মৌসুমে একেকটি ক্লাব সর্বোচ্চ দুটি ভুল আপিল করার সুযোগ পায়।






