আগামীর সময়

৯০০-র মাইলফলক থেকে এক গোল দূরে মেসি

৯০০-র মাইলফলক থেকে এক গোল দূরে মেসি

পেশাদার ক্যারিয়ারে মেসির গোল এখন ৮৯৯টি। ছবি: সংগৃহীত

৯০০ গোলের মাইলফলকে পা রাখতে অপেক্ষা বাড়ল লিওনেল মেসির। মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছেন এই কিংবদন্তি। পেশাদার ক্যারিয়ারে যা তার ৮৯৯তম গোল। ৯৬০ গোল নিয়ে মেসির সামনে শুধু ক্রিস্তিয়ানো রোনালদো।


মায়ামির খেলা থাকলে মেসিকে নিয়ে আগ্রহের জন্য বিপক্ষ দলের ক্লাবগুলো বড় ধারণক্ষমতার মাঠে ম্যাচ সরিয়ে নেয়। একই কাজ করেছে ডিসি ইউনাইটেডও। ৭০ হাজার দর্শকের বেশি ধারণক্ষমতার বাল্টিমোর এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৩-৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।


৭২০২৬ জন দর্শকের সামনে ১৭ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার অ্যাসিস্টে প্রথম গোল করেন মায়ামি স্ট্রাইকার রদ্রিগো দি পল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। রোজারিওতে জন্ম নেওয়া আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির পাসে অসাধারণ গোলটি করেন তিনি। ডিসি ইউনাইটেডের হয়ে বিরতির পর এক গোল ফেরান বারিবো।


মেসির ক্যারিয়ারের বড় অংশ কেটেছে বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে তার গোল ৬৭২টি। পিএসজির হয়ে ৩২, মায়ামির হয়ে ৮০ আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে করেছেন ১১৫ গোল।
৯০০তম গোল করার সুযোগ মেসি পাচ্ছেন বৃহস্পতিবার। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে সেদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের গিওদিস পার্কে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।


এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ইন্টার মায়ামি এখন চার নম্বরে। দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৬। ডিসি ইউনাইটেড আছে ৮ নম্বরে।



    শেয়ার করুন: