আগামীর সময়

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা বাতিল

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা বাতিল

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। লিওনেল মেসির সঙ্গে তারই উত্তরসূরি লামিনে ইয়ামালের লড়াই নিয়ে বাড়ছিল উত্তেজনা। সেই লড়াই আর হচ্ছে না। বাতিলই হয়ে গেল ‘লা ফিনালিসিমা’। ম্যাচটি বাতিলের কথা নিশ্চিত করেছে উয়েফা।

২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তবু উয়েফা চেয়েছিল ম্যাচটি হোক।

বিকল্প কিছু প্রস্তাবও দিয়েছিল উয়েফা। তাদের প্রথম প্রস্তাব ছিল দুই দলের দর্শকদের সমান সুযোগ দিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি করা। আর্জেন্টিনা সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপর উয়েফা দুই লেগের হোম-অ্যান্ড-অ্যাওয়ে ম্যাচের প্রস্তাব দেয়। সেটিও ফিরিয়ে দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শেষ চেষ্টা হিসেবে ২৭ বা ৩০ মার্চ ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল উয়েফা।আর্জেন্টিনা জানায় তারা শুধু ৩১ মার্চই খেলতে পারবে। তাই শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ম্যাচটি।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত দিনে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিনালিসিমা। আর্জেন্টিনা তাতে রাজি হয়নি। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি খেলার জন্য একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল। তখন স্পেনের কোনো ফাঁকা তারিখ নেই। তাই সেই বিকল্পটিও বাতিল করতে হয়।’






    শেয়ার করুন: