স্পেনের টানা ৪১, ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

টানা তিন ম্যাচে স্পেনের প্রথম গোল করলেন ইয়ামাল। ছবি : সংগৃহীত
জাদু দেখিয়ে চলেছেন লামিন ইয়ামাল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ১০৪ সেকেন্ডে আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭০ সেকেন্ডে গোল করেছিলেন। এবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তিনি গোল করলেন ষষ্ঠ মিনিটে। স্পেনও ম্যাচ জিতল ৩-১ গোলে।
অপর দুটি গোল করেছেন অধিনায়ক রোদ্রি ও মিকেল মেরিনো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৪১ ম্যাচে অপরজিত রইল স্পেন।
উয়েফা নেশনস লিগের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ফিফা র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা ক্রোয়েশিয়ার ইতিহাসে এটা সবচেয়ে বড় হার। জোড়া গোল করেছেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। একবার করে লক্ষ্যভেদ করেন জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মর্গান রজার্স।
উয়েফা নেশনস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ৬৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে। চেক প্রজাতন্ত্রের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সের ঠিক বাইরে বল পান ইয়ামাল।
প্রথম স্পর্শে বল সামনে নিয়ে একটু জায়গা তৈরি করে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। ইয়ামালের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় স্পেন।
৬৯ মিনিটে অ্যাডাম হ্লোজেকের পাস পেয়ে সমতা ফেরান জিরি স্লামা। ৭৯ মিনিটে গোল বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ দেখালে হলুদ কার্ড দেখেন চেক অধিনায়ক ক্রেইচি। ছয় মিনিট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
৮৯ মিনিটে মিকেল মেরিনোর গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে, ৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে তিনে। চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ০।



