আগামীর সময়

‘ফিনালিসিমা বাতিল না হলে হারত আর্জেন্টিনা’

‘ফিনালিসিমা বাতিল না হলে হারত আর্জেন্টিনা’

বাস্তবতা মেনে নিলেন মার্তিনেস। ছবি: সগৃহীত

মৌরিতানিয়ার সঙ্গে খেলারই কথা ছিল না আর্জেন্টিনার। ফিনালিসিমায় তাদের খেলার কথা স্পেনের সঙ্গে। ইরান যুদ্ধের জেরে ফিনালিসিমা বাতিল হওয়ায় মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেই ম্যাচে ঘাম ঝরিয়ে তারা জিতেছে ২-১ গোলে।

বিরতির পর গোলের জন্য আটটি শট নিয়েছিল র‌্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়া। অথচ লিওনেল মেসি নামার পরও আর্জেন্টিনা শট নিতে পেরেছে কেবল একটি। তাই নিজেদের ব্যর্থতা মেনে নিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

ম্যাচ শেষে মার্তিনেস জানালেন, ‘ভাগ্য ভালো ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা এভাবে খেললে স্পেনের সঙ্গে হেরেই যেতাম। খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। ওরা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি।’

এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে খেলান অ্যাটাকিং থার্ডে একদম সামনে। তবে আর্জেন্টিনা নিজেদের খেলাটা খেলতে পারেনি বলে মেনে নিলেন স্কালোনি,‘দল ভালো খেলেনি, এটা মানতে হবে আর কিছু বিষয় ঠিক করতে হবে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো। নতুন কিছু করার চেষ্টা করলে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

শুরুর একাদশে ছিলেন না মেসি। তাকে পরে নামানো নিয়ে স্কালোনির ব্যাখ্যা,‘মেসির সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই খেলানো হয়েছে তাকে।’

    শেয়ার করুন: