স্বপ্নের ক্লাব বার্সায় পা রাখলেন রোদ্রি

সংগৃহীত ছবি
বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এখনও আসেনি। তবে সবকিছু যেন একরকম চূড়ান্তই বলা যায়। সব আলোচনার মধ্যেই বার্সায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা রোদ্রি। স্বপ্নের ক্লাবে গিয়ে রোদ্রি বলছেন, দলের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ অনেক শিরোপা জেতাই তার লক্ষ্য।
একদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে রোদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। বার্সার সঙ্গে চার বছরের চুক্তি করবেন এই বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রোদ্রি, জানা গেছে এমনটাই।
এই ঘোষণার পরের দিনই বার্সেলোনায় পৌঁছালেন রোদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদনে জানানো হয়, সোমবার স্থানীয় সময় রাত ৮টার পর বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নামেন তিনি। সেখানে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি ছিল, ছিল অপেক্ষারত ভক্তদের ভিড়ও।
বিমানবন্দর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে রদ্রি বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুশি। গত কয়েকদিন নানা রকম ঘটনার মধ্যে কেটেছে। আমি এখানে এসে রোমাঞ্চিত। বার্সেলোনার হয়ে খেলাটা একটা স্বপ্নের মতো।‘
নতুন মৌসুমের লক্ষ্যের কথাও বলেন ৩০ বছর বয়সী রোদ্রি, ‘আমরা চ্যাম্পিয়নস লিগ এবং আমাদের সামনে সবকিছু জয়ের জন্য লড়ব।‘
বার্সেলোনার লক্ষ্য এই সপ্তাহের ভেতরই দলবদলের চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ করা ও বুধবার রোদ্রিকে ক্যাম্প ন্যুতে পরিচয় করিয়ে দেওয়া। সেদিনই হুয়ান গাম্পার ট্রফির ফাইনালে আল আহলির বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।






