আর্জেন্টিনায় দুই নতুন মুখ, বিশ্বকাপ-চক্রে দেখা হচ্ছে না ইউরোপিয়ানদের সঙ্গে

গুয়াতেমালার বিপক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
২৭ মার্চ দোহায় বাতিল হয়ে গেছে স্পেন ও আর্জেন্টিনার ফিনালিসিমা। বিশ্বকাপের প্রস্তুতিতে এটা বড় ধাক্কা লিওনেল মেসিদের। তাই বলে বসেও থাকছে না লিওনেল স্কালোনির দল। ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে হবে ম্যাচটি। গত বিশ্বকাপের অভিযানে যাওয়ার আগে এখানেই শেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
লিওনেল মেসিকে মধ্যমণি করে গড়া দলে নতুন মুখ দুজন। প্রথমবার ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তমাস পালাসিওস ও রেসিংয়ের ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস।
গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে দলের ২-০ গোলে জেতা সবশেষ প্রীতি ম্যাচ না খেলা মার্কোস আকুনা ফিরেছেন দলে। তবে চোটের জন্য নেই জিওভান্নি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। নেই রিয়ালের মাস্তানতুয়ানোও।
স্পেনের বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ায় বিশ্বকাপ-চক্রে ইউরোপিয়ান কোনো দলের সঙ্গে খেলা হচ্ছে না আর্জেন্টিনার। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চক্রে আর্জেন্টিনা এ পর্যন্ত খেলেছে ৩৫ ম্যাচ। এর ২৪টি ম্যাচ লাতিনদের সঙ্গে, কনক্যাকাফ অঞ্চলের দলের বিপক্ষে খেলেছে দ্বিতীয় সর্বোচ্চ ৮ ম্যাচ। আর্জেন্টিনা অন্য তিনটি ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়ার সঙ্গে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো ও টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এবারই প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে না খেলে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা সর্বশেষ ২০২২ সালের ৫ জুন খেলেছিল ইউরোপিয়ান দল এস্তোনিয়ার বিপক্ষে। সেই ম্যাচে একাই ৫ গোল করেছিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার ২৮ সদস্যের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুসসো ; ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, তমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা ; মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তের, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, নিকো পাস, থিয়াগো আলমাদা ; ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস।

