ফ্লিকের চোখে মেসিই বিশ্বের সেরা

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্তে আবেগাপ্লুত হয়েছেন বার্সেলোনার প্রধান কোচ হানসি ফ্লিক। আর্জেন্টিনার সাবেক অধিনায়ককে বিশ্বের সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে জার্মান এই কোচ বলেছেন, বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গেছেন।
মেসির অবসর প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। অসাধারণ একজন ফুটবলার। বিশ্বকাপে তার পারফরম্যান্স আমি সত্যিই উপভোগ করেছি। সেটি ছিল দুর্দান্ত ও অসাধারণ। আমি দুঃখিত তবে এটাই জীবন। তার ক্যারিয়ার ছিল অসাধারণ। তিনি সেরাদের সেরা এবং বিশ্বকাপে তিনি সেটি প্রমাণ করেছেন।’
মেসির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামল। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। ২০২২ সালের বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা জয়ের পর ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন মেসি।







