ইয়ামালের মতো চেহারা, রাতারাতি ভাইরাল স্কুল ছাত্র

সংগৃহীত ছবি
দূর থেকে দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যেতে পারে। মনে হতে পারে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল বুঝি কোনো কারণে হাজির হয়েছেন ভারতের কেরালায়। তবে বাস্তবে তিনি ইয়ামাল নন। স্প্যানিশ ফুটবলারের সঙ্গে অবিশ্বাস্যভাবে চেহারার মিল থাকা কেরালার এক স্কুলছাত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তার নাম অ্যালেন জেমস। কেরালার কোল্লামের বাসিন্দা দশম শ্রেণির এই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘ভারতের ইয়ামাল’ হিসেবে।
সম্প্রতি অ্যালেনকে নিয়ে তার গ্রামের ভ্লগার নিখিল মনোহরের তৈরি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই সেটি নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। চুলের ধরন, মুখের গড়ন থেকে শুরু করে হাসি সবকিছুতেই অনেকের চোখে ইয়ামালের ছায়া দেখা গেছে অ্যালেনের মধ্যে। ভিডিওটিতে বার্সেলোনা তারকার জার্সি পরেছিলেন তিনি যা দুজনের মিলকে আরও স্পষ্ট করে তুলেছে। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন দেড় কোটিরও বেশি মানুষ।
ফুটবলের সঙ্গেও রয়েছে অ্যালেনের সম্পর্ক। পেরুভাজি স্কুলের হয়ে ফুটবল খেলে সে এবং দলের রক্ষণভাগে দায়িত্ব পালন করে। অবশ্য ইয়ামালের অবস্থান একেবারেই ভিন্ন। বার্সেলোনার এই তারকা মূলত আক্রমণভাগের খেলোয়াড়।
তবে ইয়ামালের সঙ্গে চেহারার এত মিল থাকলেও দল সমর্থনে অ্যালেনের পছন্দ সম্পূর্ণ আলাদা। সে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৫ বছর বয়সী অ্যালেন জানিয়েছে দীর্ঘদিন ধরেই আশপাশের মানুষ তার সঙ্গে ইয়ামালের চেহারার মিলের কথা বলতেন, ‘অনেকদিন ধরেই সবাই বলছে আমার সঙ্গে ইয়ামালের মুখের মিল আছে। কিন্তু আমি বিষয়টি খুব একটা গুরুত্ব দিইনি। বিশ্বকাপের সময় বিষয়টি আরও বেশি চোখে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর অবশ্য আমার জীবনই বদলে গেছে। ছোটবেলা থেকেই ফুটবল খেলি। ইয়ামালকে আমার ভালো লাগে তবে আমি মেসি ও আর্জেন্টিনার বড় ভক্ত।‘
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পাওয়া এই পরিচিতির পর এখন অ্যালেনের একটি বিশেষ ইচ্ছাও তৈরি হয়েছে। কোনো একদিন ইয়ামালের কাছ থেকেই একটি বার্তা পাবার আশা করছেন তিনি। সেই আশা পূরণ হবে কি না তা সময়ই বলবে। তবে এর মধ্যেই কেরালার এই স্কুলছাত্র হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ।
অবশ্য জনপ্রিয়তার সঙ্গে সমালোচনাও এসেছে। অনেকে তাকে নিয়ে কটাক্ষ করছেন। তবে সেসব মন্তব্যে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অ্যালেন।







