রোদ্রিকে নিয়ে দ্বিধায় ফ্লিক

সংগৃহীত ছবি
স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন মিডফিল্ডার রোদ্রি খুব শীঘ্রই বার্সেলোনার মূল একাদশে জায়গা পাবেন। পুনর্বাসন ও বিশেষ ফিটনেস কর্মসূচি শেষ করে এখন তিনি দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক অনুশীলনের জন্য প্রস্তুত। তবে তাকে ঠিক কবে প্রথম একাদশে নামানো হবে তা নিয়ে এখন ভাবছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
বার্সেলোনায় দেরিতে যোগ দেওয়ায় দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি রোদ্রি। এ ছাড়া বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তার জন্য বাড়তি সময় প্রয়োজন হয়েছিল নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে।
রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচ পর্যন্ত বিশেষ অনুশীলন করেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। চলতি সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন শুরু করেছেন। এরপর থেকেই তাকে মূল একাদশে সুযোগ দেওয়ার সঠিক সময় নিয়ে ভাবছে বার্সেলোনার কোচিং স্টাফ।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, রোদ্রিকে নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন ফ্লিক। রোববার মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেই তাকে মূল একাদশে নামানো হতে পারে। তবে জার্মান এই কোচ চাইলে চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে তুলনামূলক কঠিন ম্যাচ পর্যন্ত তাকে বিশ্রামেও রাখতে পারেন।
রোদ্রির ক্ষেত্রে সতর্কতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বার্সেলোনা। দীর্ঘ ও কঠিন মৌসুমের শুরুতেই তাকে অতিরিক্ত চাপে ফেলতে চায় না ক্লাবটি। তাই অনুশীলনের চাপ ও ম্যাচে তার খেলার সময় সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে কোচিং স্টাফ।
এ পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২৭ মিনিট এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে আরও ২৬ মিনিট খেলেছেন রোদ্রি। দুই ম্যাচেই তার উপস্থিতি বার্সেলোনার মাঝমাঠে এনে দিয়েছে ম্যাচের গতি নিয়ন্ত্রণের। রোদ্রির নিয়ন্ত্রণ ও স্থিরতা বার্সেলোনাকে বাড়তি সুবিধা দিয়েছে।





