আগামীর সময়

পয়েন্ট হারাল মেসিহীন মায়ামি

পয়েন্ট হারাল মেসিহীন মায়ামি

বিশ্রামে ছিলেন মেসি। ছবি: সংগৃহীত

৯০০ থেকে আর এক গোল দূরে লিওনেল মেসি। অথচ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো শার্লট এফসির বিপক্ষে মাঠেই নামালেন না তাকে। পাশাপাশি বিশ্রাম দিলেন রোদ্রিগো দ্য পলকেও।


দুই আর্জেন্টাইন ছাড়া এমএলএসের ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে মায়ামি। কোনো চোট নয়, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের জন্যই মেসি বিশ্রাম পেয়েছেন বলে জানিয়েছে ‘টিওয়াইসি স্পোর্টস’।


বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাশভিলের মুখোমুখি হবে মায়ামি। নিজেদের মাঠে সেদিন ৯০০ গোলের মাইলফলকে পা রাখার দারুণ উপলক্ষ্য মেসির সামনে।


পেশাদার ক্যারিয়ারে মেসির গোল ৮৯৯টি। ৯৬০ গোল নিয়ে মেসির সামনে শুধু ক্রিস্তিয়ানো রোনালদো। মেসির ক্যারিয়ারের বড় অংশ কেটেছে বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে তার গোল ৬৭২টি। পিএসজির হয়ে ৩২, মায়ামির হয়ে ৮০ আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে করেছেন ১১৫ গোল।


সেই ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল ১২টি, অ্যাসিস্ট ৫টি। প্রিয় প্রতিপক্ষের সঙ্গেই কী ৯০০ গোলের মাইলফলকে পা রাখবেন মেসি?

    শেয়ার করুন: