ক্ষোভ ঝাড়লেন মিশেল প্লাতিনি
ইনফান্তিনো টাকা ও ক্ষমতা খুব পছন্দ করে

সংগৃহীত ছবি
বিশ্বকাপের সময় থেকেই নানা ইস্যুতে চাপে আছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিভিন্ন ফেডারেশন থেকে সাবেক ফুটবলার, ইনফান্তিনোর বিদায় চান বড় একটা অংশ। এবার সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলছেন, ইনফান্তিনো অনেক আগে থেকেই টাকা ও ক্ষমতা খুব পছন্দ করে।
প্লাতিনি যখন উয়েফা সভাপতি, তার অধীনে সেক্রেটারি জেনারেল ছিলেন ইনফান্তিনো। সেপ ব্লাটারের পর ফিফার পরবর্তী সভাপতি হওয়ার আলোচনায় ছিলেন প্লাতিনি। কিন্তু ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফুটবলীয় কার্যক্রম থেকেই সরে যেতে হয় তাকে। ২০২৫ সালে সব অভিযোগ থেকে খালাস পাওয়ার পর থেকে আবার ধীরে ধীরে সরব হচ্ছেন ফ্রান্সের সাবেক এই ফুটবলার।
সম্প্রতি প্লাতিনির ফুটবল ক্যারিয়ার নিয়ে তৈরি একটি তিন পর্বের তথ্যচিত্র প্রচার করেছে কানাল প্লাস। রোববার ফরাসি টেলিভিশনটির কানাল ফুটবল ক্লাব অনুষ্ঠানে যোগ দিয়ে প্লাতিনি কথা বলেন এখনকার ফুটবল প্রশাসন নিয়েও।
৭১ বছর বয়সী প্লাতিনি চান, ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক, ‘তাকে চলে যেতেই হবে। অর্থনৈতিক বিষয় এক জিনিস, কিন্তু ইনফান্তিনো ব্যর্থ হয়েছে। কারণ, সে খেলার নিয়মকানুনের রক্ষক, অথচ সে নিজেই নিয়মগুলোকে সম্মান করেনি।’
প্লাতিনি আরও বলেন, ‘আমি সব সময়ই জানতাম, সে টাকাপয়সা ও ক্ষমতা ভালোবাসে। খেলাধুলার প্রতিষ্ঠানগুলো এটা সমাধান করবে না বা তাকে নামাতে পারবে না। উয়েফা যদি ইনফান্তিনোকে নামাতে চায়, তাহলে আদালতের মাধ্যমেই তা করতে হবে।’
শেষে প্লাতিনি যোগ করেন, ‘এখন তার বিরুদ্ধে সারা বিশ্বে অনেক তদন্ত হচ্ছে। নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে সে কী জানত, তা নিয়েও নানা কথা উঠছে। দেখা যাক এরপর কী হয়।’







