রেফারিকে 'জালিম' বলে নিষিদ্ধ মিসরের ফুটবলার

সংগৃহীত ছবি
গেল বিশ্বকাপের নাটকীয় এক ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল মিসর। ম্যাচে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন মিসর কোচ হোসাম হাসান ও ফুটবলার মোস্তফা জিকো। সেই প্রতিবাদের জেরেই এবার তাদের নিষেধাজ্ঞার মতো বড় শাস্তি দিল ফিফা।
রেফারির বিরুদ্ধে অভিযোগ করে মিশরের মোস্তফা জিকো বলেছিলেন, ‘রেফারি অন্যায় করেছেন খুবই, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার যে তিনি অবিচার করেছেন।’
সেই ঘটনার জেরে জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় মিসরের কোচকে হোসামকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মিসরের জাতীয় দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়ে আবেদন করেছে সংস্থাটি। আইনি দিক পর্যালোচনা করে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সেটিও বিবেচনা করছে তারা।
রেফারিং নিয়ে ওঠা অভিযোগের জবাবে ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচ পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি হুমকির ঝুঁকি তৈরি করতে পারে।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে কোচ হোসাম ও পরিচালক ইব্রাহিমকে নাও পাওয়া যেতে পারে।



