জাম্বিয়াকে গোলের মালা পরিয়ে আর্জেন্টিনাকে ‘বিদায়’ মেসিদের

এক গোল করেছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা। জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল লিওনেল মেসির দল। আগের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালে মন ভরাতে পারেনি আর্জেন্টিনা।
ফল
আর্জেন্টিনা ৫ : ০ জাম্বিয়া
আজ সেই হতাশা কাটিয়ে মুগ্ধই করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি ও ভালেন্তিন বার্কো। অপর গোলটি আত্মঘাতী। বুয়েনস এইরেসে লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে দেশের মাটিতে এটাই শেষ ম্যাচ আর্জেন্টিনার। লিওনেল মেসিও হয়তো শেষবার জাতীয় দলের জার্সিতে খেললেন আর্জেন্টিনায়। বড় জয়ে সেই ‘বিদায়টা’ মধুরই হল। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর একটি সার্বিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৩ নম্বরে থাকা জম্বিয়া সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি আর্জেন্টিনাকে। আর দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় লিওনেল স্কালোনি বদল করেছিলেন আটজনকে। ৭৪ মিনিটে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসকেও তুলে নেন তিনি।
আর্জেন্টিনা এগিয়ে যায় চতুর্থ মিনিটে। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দূরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে ফেলেন মেসি। আর মেসির পাসে বল পেয়ে ডান পায়ের জোরাল শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেস।
৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে বল জালে জড়ান তিনি। এ নিয়ে ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষে গোল করলেন তিনি!
৫০তম মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি থেকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে এটাই শেষ ম্যাচ হওয়ায় ওতামেন্দিকে পেনাল্টি নিতে বলেছিলেন মেসি।
৬৮ মিনিটে জাম্বিয়ার চান্দার পায়ে লেগে বল জড়ায় জালে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পঞ্চম গোলটি করেন তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কো। নিকো গনসালেসের ফ্লিকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন তিনি।

