লুকা মদরিচ
রোনালদো আরও ভালো বিদায় পাওয়ার যোগ্য

সংগৃহীত ছবি
পর্তুগাল ও কোচ জর্জ জেসুসের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর চলমান বিরোধ নিয়ে মুখ খুলেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদে রোনালদোর সাবেক সতীর্থ মনে করেন, জাতীয় দল থেকে পর্তুগিজ তারকার বিদায় আরও ভিন্নভাবে হওয়া উচিত।
উয়েফা নেশনস লিগে স্পেনের কাছে ক্রোয়েশিয়ার ২-১ গোলে হারের পর মিক্সড জোনে রোনালদো-জেসুস দ্বন্দ্ব নিয়ে কথা বলেন মদরিচ। ফুট মের্কাতোর প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালে রোনালদোর সঙ্গে যা ঘটছে তা দেখে হতাশা প্রকাশ করেছেন তিনি, ‘ক্রিস্তিয়ানোর নিজের দেশে তার সঙ্গে যা ঘটছে তা দেখা দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি তারা এর একটি সমাধান খুঁজে বের করবে।’
তবে বিরোধের বিস্তারিত তিনি জানেন না বলেও বলেন মদরিচ। এরপর রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘ক্রিস্তিয়ানো পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং জাতীয় দলে সে আরও ভালো বিদায় পাওয়ার যোগ্য।’
মদরিচের এই মন্তব্য এসেছে রোনালদোর নিজের বক্তব্যের পরদিন। মঙ্গলবার পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন ৪১ বছর বয়সী অধিনায়ক। সেখানে কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে দুই দফায় কথা না রাখার অভিযোগ তোলেন তিনি।
তবে সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেছেন রোনালদো এবং এ ঘটনায় ফেডারেশন তাকে শাস্তি দিতে পারে বলেও মেনে নিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন তিনি। পর্তুগালের হয়ে খেলার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।



