বিসিবি কর্মীদের ‘ফোন তল্লাশি’ ভয়

সংগৃহীত ছবি
বলা নেই, কওয়া নেই হঠাৎ মোবাইল ফোন তল্লাশি করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মীদের। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কয়েক দিন ধরে এমন মোবাইল ফোন পরীক্ষায় অস্বস্তিতে আছেন বিসিবির কর্মীরা। তবে বিসিবি নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে এতে উদ্বেগ হওয়ার কিছু নেই, এটা রুটিন কাজ।
তবুও উদ্বেগ জানিয়ে বিসিবির একজন কর্মচারী বলেছেন, ‘কোনো ঘোষণা ছাড়াই কয়েকদিন ধরে এভাবে ফোন তল্লাশিতে সবার মধ্যেই এক ধরনের ভয় কাজ করছে। অথচ আমাদের কোনো কারণ বলা হচ্ছে না।’
বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ জানিয়েছেন, ‘এটা রুটিন অ্যাফেয়ার। বিশেষ কোনো কারণ নেই। সরকারি অফিসের মতো সব জায়গাতেই এ ধরনের বিষয় হয়। এখানে রিপোর্ট করার মতো কিছু নেই। যাদের মোবাইল তল্লাশি করা হয়েছে, তাদের হয়ত কিছুটা কষ্ট হচ্ছে। এ ছাড়া আর কিছু নয়। কেউ ভালো হলে সে ভালোই থাকবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই।’
সাধারণত ম্যাচের সময় খেলোয়াড়, দল-সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের তল্লাশি দেখা গেলেও বিসিবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন পরীক্ষা নতুন অভিজ্ঞতা। তবে নিরাপত্তা বিভাগের প্রধানের যুক্তি, শুধু ক্রিকেটারদের পরীক্ষা করে অন্যদের বাইরে রাখার সুযোগ নেই।





